পরিবহন ভাড়া যৌক্তিক হারে না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
উত্তরদক্ষিণ। সোমবার (২০ এপ্রিল) ২০২৬, আপডেট ২০:৩০
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস ভাড়া প্রতিকিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে যাত্রী কল্যাণ সমিতি। এটা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ভাড়া বাড়াতে হবে যৌক্তিক হারে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
যাত্রীদের দরকষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতির একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
মোজাম্মেল হক বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে। সব স্টেক হোল্ডারের সম্মতিতে যৌক্তিক হারে বাস ভাড়া নির্ধারণ করতে গণশুনানির প্রস্তাব করেন তিনি। এ সময় একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন নির্ধারিত এই দাম গতকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
ইউডি/এবি

