জনগণের হাতের চেয়ে লম্বা হাত আর কারও নেই: মেয়র আতিক

জনগণের হাতের চেয়ে লম্বা হাত আর কারও নেই: মেয়র আতিক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌০৮:৪০

খাল দখলদারদের হুশিয়ার করে দিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, জনগণের হাতের চেয়ে লম্বা হাত আর কারও নেই। আপনাদের (দখলদারদের) হাত যতই লম্বা হোক না কেন, জনগণের হাতের চেয়ে লম্বা নয়।

উত্তরখানের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনকালে এ কথা বলেন ডিএনসিসি মেয়র।

এদিন সকাল ১১টায় ৪৫ নম্বর ওয়ার্ডের উত্তরখান কলেজিয়েট স্কুল মাঠে, দুপুর সাড়ে ১২টায় ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসের সামনে এবং দুপুর আড়াইটায় ৪৪ নম্বর ওয়ার্ডের বাথাইড় মাঠে তিনটি পৃথক জনসভায় অংশ নেন তিনি।

মেয়র বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ৪ হাজার ২৫ কোটি টাকার প্রকল্প পাস করে দিয়েছেন। এখানকার রাস্তাগুলো চওড়া হবে। ১৩টি খালের অনেক জায়গায় দখল হয়ে আছে। খাল পুনরুদ্ধার করে উন্নয়ন করা হলে জলাবদ্ধতা নিরসন হবে।

তিনি আরও বলেন, যাদের ক্ষমতা আছে, যারা শুধু নিজের চিন্তা করে, জনগণের কী হবে তা চিন্তা করে না। এ খালগুলো জনগণকে নিয়ে আমরা উদ্ধার করবো। জনগণ পাশে থাকলে খাল উদ্ধার হবেই। কেউ চাইলেই অবৈধভাবে কিছু করতে পারে না।

দখলকৃত রাস্তা ও খাল উদ্ধারে জনগণের সহায়তা চেয়ে মেয়র বলেন, রাস্তা প্রশস্ত করতে গেলে অনেক স্থাপনা ভাঙা পড়তে পারে। ডিএনসিসির ম্যাপিং অনুযায়ী রাস্তার দুপাশে যার স্থাপনাই থাকুক না কেন, সেগুলো ভেঙে আমাদের রাস্তা করতে হবে।

তিনি বলেন, খাল উন্নয়নের যে ডিজাইন করা হয়েছে সেখানে জনগণের জন্য খালের দুপাশে হাঁটার রাস্তা থাকবে, সেখানে গাছ লাগানো হবে এবং সাইকেল লেন থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading