গাজীপুরে ব্যাংক লুটের চেষ্টা: আটক ১, বোমা নিস্ক্রিয়
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ০৮:২০
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের জয়দেবপুর শাখায় বোমা হামলার ভয় দেখিয়ে লুটের চেষ্টা করায় বোমাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আটক আবু বকরের (২৭) সাথে থাকা ব্যাগের বোমাটিও নিস্ক্রিয় করা হয়েছে।
ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. শামীম জানান, বুধবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের ব্যাংকের জয়দেবপুর চৌরাস্তা শাখায় এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে শাখা ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে প্রবেশ করে। পরে তার ব্যাগে থাকা বোমা ফাটানোর ভয়ে দেখিয়ে টাকা দাবি করে ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, দাবি করা টাকা না দিলে যুবকের ব্যাগে থাকা বোমা বিস্ফোরণের ভয় দেখালে পুলিশে খবর দেয় শাখা ব্যবস্থাপক। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে এবং ওই যুবককে আটক করে। পরে ঢাকা থেকে নিস্ক্রিয়করণ টিম এসে বোমাটি নিস্ক্রিয় করে। -ইউএনবি

