আপিল বিভাগের বিচারপতি তারিক উল হাকিম অবসরে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৯:০০
দীর্ঘ ১৮ বছরের বিচারিক জীবন শেষে অবসরে যাচ্ছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি তারিক উল হাকিম। ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) তার অবসরের দিন। কিন্তু ওইদিন সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারই (১৭ সেপ্টেম্বর) ছিল তার শেষ কর্মদিবস। তাকে বৃহস্পতিবার ভার্চুয়ালি বিদায়ী সম্বর্ধনা প্রদান করবেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল অফিস।
বৃহস্পতিবার শেষ কর্মদিবসে বিচারপতি তারিক উল হাকিমকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
এর আগে গত ২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি তারিক উল হাকিম। তিনি ৩ সেপ্টেম্বর শপথ গ্রহণ করেন। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি হিসেবে গত ২ সেপ্টেম্বর তাকে নিয়োগ দেন। আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ছিল ৮ জন। বিচারপতি তারিক উল হাকিমের অবসরে সে সংখ্যা হচ্ছে ৭ জনে।
বিচারপতি তারিক উল হাকিমের জন্ম ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর। এ বিচারপতির বাবা মাকসুম উল হাকিমও ছিলেন বিচারপতি। বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তার স্ত্রী নাসিমা কে হাকিম ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত আছেন। মেয়ে রাইসা ফাবিয়া তানিশা হাকিম ও ছেলে আসওয়াদ ওয়ারিস হাকিম ইংল্যান্ডে আইন নিয়ে পড়াশোনা করছেন। সূত্র: বাসস।

