রাষ্ট্রপতিকে নিয়ে ‘অসত্য বক্তব্য’, সংসদের সেই কর্মচারী বরখাস্ত

রাষ্ট্রপতিকে নিয়ে ‘অসত্য বক্তব্য’, সংসদের সেই কর্মচারী বরখাস্ত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১৮:৪০

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য দেওয়ায় সংসদ এলাকায় নিষিদ্ধ মো. আতর আলীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংসদের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক এই সভাপতির সংসদে যাওয়ার পরিচয়পত্রও জব্দ করা হয়েছে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর তার পরিচয়পত্র জমা দেয়ার জন্য চিঠি দেয়া হয়। সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) এসএম সিরাজুল হুদা তার পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ দেন।

এরপর ‘নিষিদ্ধ’ আতর আলী লোক মারফত বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিচয়পত্র জমা দেন। তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বলেন, ‘সাময়িক বরখাস্তের চিঠি আমাকে দিয়েছে। এর আগে আমাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল। তার জবাব আমি দিয়েছি। দ্বিতীয়বার আবারও আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আগামী সপ্তাহে আমি চিঠির জবাব দেব।’

আতর আলী বলেন, ‘এক কথা বলতে গিয়ে আরেক রকম মানে ধরা হলো। যদি আমি ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। আর কী করবো। কপালে যে দুর্ভোগ আছে তাই হবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে সংসদ সচিবালয়ের অনুষ্ঠানে সরকারি কর্মচারী হয়েও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য দেয়ায় আতর আলীকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তাকে সংসদ এলাকায় নিষিদ্ধ করা হয়। গত ১৭ অগাস্ট সংসদের শপথ কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন। কর্মচারীদের পক্ষ থেকে আতর আলী সেখানে তার বক্তব্যে বলেন, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার থাকার সময় ‘এ ধরনের অনুষ্ঠান হয়নি’।

বিষয়টি প্রকাশের পর গত ৬ সেপ্টেম্বর সংসদের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় আতর আলীকে। চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি আতর আলী সংসদ সচিবালয়ে সংসদনেতার দপ্তরে কর্মরত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading