রাজধানীতে পেঁয়াজের আড়তে জরিমানা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ২০:৪০
রাজধানীর পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে নানা অপরাধে ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামবাজার, কাওরান বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার, কৃষি মার্কেট, মিরপুর শাহ আলী বাজার ও মিরপুর ৬ নম্বর বাজারের ৮টি পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আরেফিন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের এই কর্মকর্তা আরও জানান, তিনিসহ অধিদফতরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেঁয়াজের পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, বিক্রয় রশিদের সাথে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যে গরমিল, অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এ জরিমানা আরোপ করা হয়।
অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় অসাধু ও অনৈতিক যেকোনও কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জিরো টলারেন্স প্রদর্শন করবে।

