করোনায় নতুন মৃত্যু ২২, আক্রান্ত আরও ১,৫৪১
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:৫০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত করোনা বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন ৪ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এনিয়ে সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৮১৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৩০টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছেন ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বের শীর্ষ তালিকায় বাংলাদেশ এখন ব্রিটেনের নিচে অবস্থান করছে। এর আগে সৌদি আরব, ইতালি, জার্মানি, চীন, পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৫তম। আর ১৪তম শীর্ষ তালিকায় থাকা ব্রিটেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬১৪ জন। বাংলাদেশের চেয়ে ব্রিটেনে এখন পর্যন্ত ৩৫ হাজার ৮০৯ জন বেশি আক্রান্ত হয়েছেন।

