ছাগল চাপা দেয়ায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা

ছাগল চাপা দেয়ায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১২:৩০

দুটি ছাগলকে ট্রাকচাপা দেয়ায় রাজশাহীর বাগমারায় আবু তালেব (৩৩) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত ট্রাকচালক আবু তালেব পুঠিয়ার ঝলমলিয়া এলাকার বাসিন্দা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় দুটি ছাগল চাপা দেন ট্রাকচালক আবু তালেব। পালিয়ে যাওয়ার সময় পুঠিয়ার বাসুপাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করে ছাগলের মালিকের লোকজন। হেলপার পালিয়ে বাঁচলেও চালককে ধরে সেখানেই গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ট্রাকচাপায় আহত ছাগল দুটি জবাই করেন মালিক গোলাম মোস্তফা। এরপর তাহেরপুর এলাকায় তার আত্মীয়-স্বজনকে ফোন করে ট্রাকটি আটকানোর কথা বলেন। তার কথামত তাহেরপুরে ট্রাকটি আটকানোর চেষ্টা করেন গোলাম মোস্তফার লোকজন। কিন্তু সেখান থেকেও পালিয়ে আসে ট্রাকটি।

এরপর ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করে লোকজন। শেষে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় ট্রাকটিকে আটকে দেয় তারা। সেখানেই চালককে ধরে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা গেছেন ট্রাকচালক আবু তালেব।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে ছাগলের মালিক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading