না’গঞ্জে মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা রিমান্ডে

না’গঞ্জে মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা রিমান্ডে

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ০৯:৩০

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাসের বরখাস্তকৃত কর্মকর্তা ও কর্মচারীসহ গ্রেপ্তার হওয়া আটজনকে শনিবার দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তা প্রত্যেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ডের আবেদন জানালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক কাওছার আলম এ আদেশ দেন।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিআইডির দায়িত্বপ্রাপ্ত ডিআইজি মাইনুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপার ভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লায় এশার নামাজের সময় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি আহত হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। শনিবার পর্যন্ত এ বিস্ফোরণের ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading