আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে রুডিগার
উত্তরদক্ষিণ। বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ০৯:২০
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন জার্মানির তারকা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। জাতীয় দলের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। দীর্ঘ সময়ের ভাবনা-চিন্তার পর তরুণ ফুটবলারদের জায়গা করে দিতেই জার্মানির জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুডিগার বলেন, কিছু সময় ভাবার পর মনে হয়েছে, জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার এবং তরুণ প্রজন্মের জন্য পথ তৈরি করে দেওয়ার সময় এসেছে।
২০১৪ সালে জার্মানি জাতীয় দলে অভিষেক হয় রুডিগারের। তবে অভিষেকের মাত্র এক মাস আগে জার্মানি বিশ্বকাপ জেতায় ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। পরবর্তী সময়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এই ডিফেন্ডার।
জাতীয় দলের অধ্যায় শেষ করার পাশাপাশি ক্লাব ফুটবলে পুরোপুরি মনোযোগ দিতে চান রুডিগার। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।
রুডিগার বলেন, আমার জন্য এখন নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। যেখানে আমি পুরোপুরি আমার ক্লাবের দিকে মনোযোগ দেব।
বার্লিনে জন্ম নেওয়া রুডিগার বরুশিয়া ডর্টমুন্ড ও স্টুটগার্টের যুব একাডেমিতে বেড়ে ওঠেন। এরপর ইতালির রোমায় খেলেন তিনি। ২০১৭ সালে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। লন্ডনের ক্লাবটির হয়ে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রুডিগার।
২০২২ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। স্প্যানিশ ক্লাবটির হয়ে ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা দুটি গুরুত্বপূর্ণ শিরোপা জেতেন।
তবে রুডিগারের জাতীয় দলের ক্যারিয়ার কেটেছে জার্মান ফুটবলের একটি কঠিন সময়ে। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর ২০২৬ বিশ্বকাপেও শেষ ৩২ থেকে বিদায় নেয় দলটি। প্যারাগুয়ের কাছে হেরে যাওয়া ম্যাচটিই জার্মানির হয়ে রুডিগারের শেষ ম্যাচ হয়ে থাকল।
ইউডি/কেএস

