দেশে কোভিড রোগী সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৬:৩০
২৬ দিনে আরও ৫০ হাজার রোগী শনাক্ত হওয়ায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭০৫ রোগী শনাক্ত এবং ৪০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা তিন লাখ পেরিয়ে যায় ২৬ অগাস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৯টি ল্যাবে ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

