না’গঞ্জে মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগকারীর দায় স্বীকার
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:৪০
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রী মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেলা আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে তার এই জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।
এর আগে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় রবিবার সকালে পশ্চিম তল্লা নিজ এলাকা থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি। পরে আদালতে মঞ্জুর হওয়া দুদিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকালে পুনরায় তাকে আদালতে হাজির করা হয়।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা মোবারক হোসেনের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে। পরে জবানবন্দি প্রদান শেষে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, মসজিদে বিদ্যুতের অবৈধ সংযোগ স্পার্ক করে জমাট বেঁধে থাকা গ্যাসের মিশ্রণ থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটেছিল। বিদ্যুতের অবৈধ সংযোগ প্রদানের কাজটি করেছিল এই মোবারক হোসেন। আদালতে দেয়া জবানবন্দিতে সে তার দোষ স্বীকার করেছে। -ইউএনবি

