অধ্যক্ষ মাহফুজা হত্যা : মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

অধ্যক্ষ মাহফুজা হত্যা : মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৯:৫৭

২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানী এলিফেন্ট রোডে নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুন হন। এ ঘটনায় তার স্বামী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা নিউ মার্কেট থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডে দুই গৃহকর্মীর বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে । রাষ্ট্রপক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন রেখেছে আদালত।

ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এই মামলার বিচার চলছে। মামলায় তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার বৃহস্পতিবার সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণের সময় কারাগারে থাকা দুই আসামি গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা ও রুমা ওরফে রেশমাকে আদালতে হাজির করা হয়।

মামলাটিতে রাষ্ট্রপক্ষে ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয় বলে জানিয়েছেন ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঞা। মামলাটি আসামিপক্ষে লড়ছেন আইনজীবী মতিউর রহমান মতি। আসামিপক্ষ থেকে সাফাই সাক্ষ্য দেওয়া হবে কি না, তা জানা যাবে রোববার। আবু আবদুল্লাহ বলেন, “এ মামলার রায় দ্রুতই হবে বলে আমরা আশা করছি।” মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই আলমগীর গত বছরের ২১ জুলাই দুই গৃহকর্মীর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।

অপর আসামি দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার তার অব্যাহতি দেয় আদালত। বাসায় থাকা ২০ ভরি সোনা, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করতে আসামিরা মাহফুজাকে নাকে-মুখে ওড়না পেঁচিয়ে বালিশচাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগপত্রে বলা হয়। মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। গামা ১৯৭৩ সালে ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading