‘১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন প্রবাসীরা’
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:৩০
কোনো প্রকার বাধা ছাড়াই আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা। যারা করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশে আটকে রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পরষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মন্ত্রী বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমান সরকার আমাদের জানিয়েছে, যতো বাংলাদেশি এখানে আটকে পড়েছেন, যারা ওমানে যেতে চান, তারা কোনো বাধা ছাড়াই যেতে পারবেন এবং আগামী ১ অক্টোবর থেকেই যেতে পারবেন।’
তবে ওমান যেতে হলে বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড ১৯ পিসিআর টেস্ট এবং ওমানে পৌঁছানোর পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্বের জবাবে ড. মোমেন বলেন, ‘যে কোনো এয়ারলাইন্স, যেটাই ওমানে যায়, সেটা দিয়েই (প্রবাসীরা) যেতে পারবেন।’
এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ভিসা এবং আকামা (কাজের অনুমতি) সমস্যা সমাধানের পাশাপাশি বিমান এবং সৌদি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় খুব শিগগিরই আটকা পড়া বাংলাদেশি শ্রমিকরা তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে পারবেন। -ইউএনবি

