জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের ৪৬ বছর পূর্তিতে স্মারক ডাকটিকেট

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের ৪৬ বছর পূর্তিতে স্মারক ডাকটিকেট

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৮:৩৩

জাতিসংঘের সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেওয়া ঐতিহাসিক ভাষণের ৪৬ বছর পূর্তি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে ডাক অধিদপ্তর। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ শুক্রবার ঢাকায় তার দপ্তর থেকে স্মারক ডাকটিকেটটি অবমুক্ত করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড ও একটি বিশেষ সীলমোহরও প্রকাশ করা হয়েছে। স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম পরবর্তীতে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো এবং অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে বিক্রি করা হবে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।

তার ৮ দিন আগে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রনায়ক যিনি জাতিসংঘে বাংলায় বক্তৃতা করে বাংলা ভাষাকে বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading