নারায়ণগঞ্জে ১৪৪ ধারা : হেফাজত ও আহলে সুন্নাতের পাল্টাপাল্টি কর্মসূচি
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৬:১৪
নারায়ণগঞ্জে শহরে হেফাজতে ইসলাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাত একই সময় পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার এবং চাষাঢ়া শহীদ মিনার এলাকা থেকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং তার আশপাশের এলাকা সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, জমায়েত নিষিদ্ধ থাকবে বলে জেলা প্রসাশন জানিয়েছে।
ডিসি জসিম উদ্দিন আজ রবিবার বলেন, “বিশৃংখলা সৃষ্টি ও শান্তি শৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির প্রদত্ত ক্ষমতা বলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।” হেফাজতে ইসলামের প্রবীণ নেতা শাহ আহমদ শফীর মৃত্যুর পর তাকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদীর ফেইসবুক থেকে একটি মন্তব্যের জেরে নারায়ণগঞ্জের এক আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
ওই মামলায় ২০ সেপ্টেম্বর আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে রোববার কয়েকদিন কারাগারে থাকার পর আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) জামিন পেয়েছেন আহলে সুন্নাতের এই নেতা।
আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে আহলে সুন্নাত আজ রবিবার নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়ার পর হেফাজতে ইসলামও একই জায়গায় একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করলে উত্তেজনা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে বিধিনিষেধ আরোপ করে জেলা প্রসাশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে, সেখানে যে কোনো ধরনের জটলা, সভা, মিছিল, সমাবেশ অথবা যে কোনো ধরনের অস্ত্র বহন এবং সন্দেহজনক ঘোরাফেরা নিষিদ্ধ।
ওই সব এলাকার শান্তি শৃঙ্খলায় ব্যাঘাত সৃষ্টি করে এমন কোনো কাজ অথবা মাইক, হর্ন ব্যবহার করা যাবে না। তবে জরুরি সেবায় নিয়োজিত সব ধরনের যানবাহন ১৪৪ ধারার আয়তামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জেলা প্রসাশন জানিয়েছে, এ সময় শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে চাষাঢ়া শহীদ মিনার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আজিজুর রহমান, ২ নম্বর রেলগেইট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হাসান বিন মুহাম্মদ আলী এবং চাষাঢ়া ব্যাংকের মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম দায়িত্বে থাকছেন।

