এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান হলেন প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান হলেন প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৯:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান ও ব্যাংকের স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার দেশের একজন শিক্ষাবিদ, গবেষক ও প্রথিতযশা হিসাববিদ। আর্থিক খাতের বিশেষজ্ঞ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি রয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া আমেরিকার অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি কানাডিয়ান কমনওয়েলথ এবং আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন। শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান অর্জন করেন।

শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি আর্থিক খাত নিয়ে তার রয়েছে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। তার ৩৫টিরও বেশি গবেষণামূলক নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত হয়েছে। ব্যাংকিং ও ঋণ ব্যবস্থাপনা বিষয়ে তার রচিত ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস’ গ্রন্থটি পাঠকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

আন্তর্জাতিক পর্যায়েও প্রফেসর মাকছুদুর রহমানের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। তিনি আমেরিকা, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীনসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে আর্থিক খাতসংশ্লিষ্ট আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন ও সভায় অংশগ্রহণ করেছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading