দেশের অগ্রগতি ও শেখ হাসিনার প্রতিপক্ষের ষড়যন্ত্র থেমে নেই: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৪৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের ধাবমান অগ্রগতিকে থমকে দিতে অতীতে দুর্নীতি-দুঃশাসনের মাধ্যমে অগ্রগতির চাকাকে ঘূর্ণায়মান চাকায় পরিণতকারীদের ষড়যন্ত্র এখনও থেমে নেই।’
রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে ‘শেখ হাসিনার জীবন কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও গ্রন্থটির রচয়িতা সাংবাদিক শাবান মাহমুদ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ, যারা দেশের উন্নয়ন অগ্রগতি ও দেশেরও প্রতিপক্ষ, তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সে জন্যই মধ্যপ্রাচ্যে গোপন বৈঠক হয়, ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় নানা ধরনের বৈঠক হয়।’
‘শেখ হাসিনাকে তারা একে একে ১৯ বার হত্যা করার অপচেষ্টা চালিয়েছে, আজকেও নানা ষড়যন্ত্র আছে, এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে,’ উল্লেখ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের আগের দিন আমাদের প্রত্যাশা, আরও বহু বছর ধরে আমাদের নেতৃত্ব দিতে থাকুন। তার হাত ধরে দেশ পৌঁছে যাক স্বপ্নের কাঙ্ক্ষিত ঠিকানায়।’
ছায়াঘর প্রকাশিত সাংবাদিক শাবান মাহমুদের লেখা ‘শেখ হাসিনার জীবন কথা’ শীর্ষক ৩২০ পৃষ্ঠার বইটিতে ৮টি অধ্যায়ে প্রধানমন্ত্রীর শৈশব থেকে বর্তমান সময়ের ঘটনা প্রবাহ এবং অনেক দুর্লভ আলোকচিত্র সন্নিবেশিত করা হয়েছে। -ইউএনবি

