হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠক ডিসেম্বরে: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৪০
চলতি বছরের ডিসেম্বরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের ভালো বন্ধু। আলোচনা করার মতো অনেক বিষয়ই আমাদের রয়েছে।’
ভার্চুয়ালি বৈঠকে এ সময় দুদেশের মধ্যে কিছু বিষয়ে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার ইঙ্গিত দিলেও ড. মোমেন সে ব্যাপারে বিস্তারিত জানাননি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মঙ্গলবার প্রতিবেশী দুদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সংক্ষিপ্ত বৈঠক হবে। তবে সেখানে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরিকল্পনা নেই। -ইউএনবি

