সৌদি এয়ারলাইন্সের সামনে প্রবাসীদের বিক্ষোভ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫২
সকাল থেকেই কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিট ও টোকেনের জন্য জড়ো হয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকেই রাস্তা আটকে বিক্ষোভ করেন তারা। প্রবাসীদের অভিযোগ, টোকেন বিতরণের অনিয়ম করছে এয়ারলাইন্সটি। এদিকে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে প্রবাসীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
সৌদি প্রবাসী জামাল উদ্দিন বলেন, ‘আজ সাত দিন ধরে আসছি আর যাচ্ছি। টোকেন পাইনি। টোকন কবে কখন দেবে তাও আগে থেকে জানাচ্ছে না। অথচ আমার ভিসার মেয়াদ ৩০ তারিখ শেষ। এখানে অপেক্ষা করেও কোনও সঠিক তথ্য পাইনি।’
একই অভিযোগ সাহাবুদ্দিন নামে আরেক প্রবাসীর। তিনি বলেন, ‘টোকেন কবে দেবে সেটা বললে তো আমরা এখানে অপেক্ষা করি না। কিন্তু সেটাও পরিষ্কার করছে না। প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে থাকি। আর কত অপেক্ষা করবো। আমাদের তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে কাল। এখন আমাদের কী হবে? আমাদের দায়িত্ব কি কেউ নেবে?’ এদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, ২৩০১ থেকে ২৭০০ নম্বর টোকেনধারীদের মঙ্গলবার টিকিট রি-ইস্যু করা হবে।

