জুলাই জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
উত্তরদক্ষিণ। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:৪৫
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলসহ রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
সোমবার ( ৩১ আগস্ট) বিকেলে জাদুঘরে পৌঁছালে জাদুঘরের মহাপরিচালক আইপিইউ মহাসচিব ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান। পরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন।
এসময় জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ নিয়ে সংরক্ষিত আলোকচিত্র, দলিল-দস্তাবেজ, স্মৃতিচিহ্ন, তথ্যচিত্র ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন তারা গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন। ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়ন, বিরোধী মত দমন, জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ এর পটভূমি, ঘটনাপ্রবাহ এবং আন্দোলনে ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সম্পর্কে তারা বিস্তারিত ধারণা লাভ করেন।
পরিদর্শনকালে জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আইপিইউ মহাসচিব ও প্রতিনিধি দলের সদস্যদের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কেও তাদের অবহিত করা হয়।
পরিদর্শন শেষে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার ও ডা. সানসিলা জেবরিন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আইপিইউয়ের মহাসচিব বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন করেন। এ সময় তিনি সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং বৈঠকে অংশগ্রহণ করেন।
ইউডি/রেজা

