বাংলাদেশে করোনা টিকার ট্রায়ালে ঢাকা-দিল্লি ‘নীতিগতভাবে’ সম্মত
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১০:১৭
ইন্ডিয়ায় পরীক্ষার পর বাংলাদেশেও কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল করতে ঢাকা ও দিল্লি ‘নীতিগতভাবে সম্মত’ হয়েছে।
মঙ্গলবার ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তারা এই পরীক্ষাগুলো চালুর পরপরই বাংলাদেশে কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু করতে প্রস্তুত।
ঢাকায় ইন্ডিয়ান হাইকমিশনের একটি সূত্র সংবাদ সংস্থা ইউএনবিকে জানায়, প্রস্তাবটিতে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে।
ইন্ডিয়ার মন্ত্রী বলেন, ‘পরীক্ষাগুলো আমাদের মধ্যে সহযোগিতা জোরদার, ভবিষ্যতে বিতরণ এবং টিকাগুলোর যৌথ উৎপাদনের জন্য প্রক্রিয়াগুলো সহজ করতে সহায়তা করবে।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশের সাথে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠককালে ড. জয়শঙ্কর বলেন, ‘আমরা টিকা পরীক্ষার পাশাপাশি বিতরণ ও উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার প্রত্যাশা করছি। এই সকল প্রচেষ্টায় বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’

