রাজশাহীতে গির্জায় আটকে রেখে কিশোরী ধর্ষণ, ফাদার গ্রেপ্তার

রাজশাহীতে গির্জায় আটকে রেখে কিশোরী ধর্ষণ, ফাদার গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১২:২৯

রাজশাহীর তানোর উপজেলায় এক কিশোরীকে (১৫) গির্জায় তিন দিন আটকে রেখে ধর্ষণের মামলায় ফাদার প্রদীপ গ্যাগরিকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহী নগরীর আমচত্বর সংলগ্ন বিশপ হাউজ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রাতে তানোর থানায় ফাদারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই কিশোরীর ভাই।

র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, ধর্ষণের খবর জানার পর থেকেই প্রদীপ গ্যাগরিকে নজরে রাখা হয়। পরে রাতে তাকে বিশপ হাউজ থেকে আটক করা হয়। তাকে তানোর থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, তানোর উপজেলার মুণ্ডুমালা মাহালীপাড়া এলাকার সাধুজন মেরি ভিয়ান্নি গির্জার ফাদার প্রদীপ। এলাকার আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের ওই কিশোরী ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ির কাছে ওই গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ভাই।

সোমবার দুপুরের পর জানা যায়, নিখোঁজ কিশোরী গির্জার ফাদার প্রদীপের ঘরে বন্দী অবস্থায় আছে। পরে কিশোরীর পরিবারের সদস্য এবং এলাকার লোকজন তাকে উদ্ধার করে।

এ ঘটনায় সন্ধ্যায় গির্জার ভেতরে সালিসি বৈঠক বসে। সেখানে দোষী প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করার সিদ্ধান্ত হয়। আর ভুক্তভোগী কিশোরীকে পরিবারের কাছে না দিয়ে গির্জার ভেতরে সিস্টারদের কাছে রাখা হয়। তখন বলা হয়, কিশোরীর পরিবার থানা থেকে নিখোঁজের জিডি প্রত্যাহার করে নিলে তাকে পরিবারের কাছে পাঠানো হবে। এছাড়া, সাবালিকা হওয়া পর্যন্ত কিশোরীর খরচ বহন করবে গির্জা কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে কিশোরীর ভাই থানায় গিয়ে জানান, তার বোনকে পাওয়া গেছে। কিন্তু তাকে পরিবারের কাছে দেয়া হয়নি। গির্জার প্রধান ফাদার প্যাট্রিক গোমেজ ও সালিসি বৈঠকের প্রধান কামেল মার্ডি তাকে আটকে রেখেছেন। খবর পেয়ে সন্ধ্যায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো গির্জা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন।

এ ঘটনায় রাতে থানায় ধর্ষণের মামলা করেন ওই কিশোরীর ভাই।

ওসি রাকিবুল হাসান বলেন, ‘শারীরিক পরীক্ষার জন্য ওই কিশোরীকে বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফাদার প্রদীপকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’ -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading