উপ নির্বাচন : ঢাকা-১৮ আসনে হাবিব, সিরাজগঞ্জে তানভীর
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩৫
সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনে হাবিব হাছানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ, আর মোহাম্মদ নাসিমের সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী হচ্ছেন তার ছেলে তানভীর শাকিল জয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এক অনলাইন ব্রিফিংয়ে দলের মনোনয়ন বোর্ডের এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কাদের। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয় এর আগে ২০০৮ সালেও তার বাবার আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। আর হাবিব হাছান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আর সভাপতিমণ্ডলির আরেক সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।
আগামী ১২ নভেম্বর এ দুই আসনের উপ নির্বাচনে ভোট হবে ইভিএমে। আগ্রহীরা ১৩ অক্টোবর পর্যন্ত মনোনয়ন দাখিল করতে পারবেন। ১৫ অক্টোবর বাছাই শেষে ২২ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

