চাল-তেল ছাড়াও শাক-সবজির দাম লাগামহীন
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:২৯
চাল ও ভোজ্যতেলের বাজারে লাগাম নেই; ঊর্ধ্বমুখী গতিতে থাকা এই দুটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের চেয়ে আরও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে বলে রাজধানীর খুচরা বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে সব ধরনের চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে বলে জানিয়েছেন চাল বিক্রেতারা।
এদিকে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবধরণের সবজির দাম অনেকটাই নাগালের বাইরে। সিম গত সপ্তাহের তুলনায় ১৫ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, কেজি প্রতি ১৫ টাকা দাম বেড়ে বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকা, বেগুন আকারভেদে ১৫ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে আর গাজর ১০ টাকা বেড়ে ৯০ টাকায়।
কেজিতে ১০ টাকা দাম বেড়ে প্রতি কেজি দেশি শসা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়, করলা ৮০ টাকায়, ঝিঙা, ধন্দুল ৬০ থেকে ৭০ টাকায়, চিচিঙ্গা ৭০ টাকা,করলা ১৫ টাকা বেড়ে ৬৫ থেকে ৭৫ টাকায়, কাঁকরোল আকারভেদে ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, আলু ৪০ টাকা, কচুর লতি ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে আগের দামেই ১২০ টাকায়, প্রতি হালি কাঁচকলা ৩৫ থেকে ৪০ টাকায়, প্রতি পিস চাল কুমড়া ৫০ টাকায়, লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আজ শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর মালিবাগ কাঁচাবাজার, রামপুরা, শান্তিনগর, সেগুনবাগিচা, খিলগাঁও কাঁচাবাজা ছাড়াও অন্যান্য বাজারে খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া যায়।
মালিবাগ কাঁচাজাবারের এক ব্যবসায়ী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা বন্যা এবং অতি বৃষ্টির কারণে সবজির আবাদ নষ্ট হয়ে গেছে, যে কারণে বাজারে সবজির দাম বেশি। এই বাজারে সবজি কিনতে আসা সেগুনবাগিচার এলাকার এক বাসিন্দা বলেন, সবজির বাজার রীতিমত আগুন! কোনো সবজিই তো নিম্নে ৭০ টাকা, ঊর্ধ্বে ১০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। “এ সময়ে অন্য বছরের তুলনায় সবজির দাম অনেক বেশি মনে হল। প্রয়োজন থাকলেও দাম বেশি হওয়ার কারণে অল্প-স্বল্প করে সবজি নিয়ে চালাতে হচ্ছে।”

