ইরান-আমেরিকার আলোচনা ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হতে পারে: ট্রাম্প
উত্তরদক্ষিণ। বুধবার (২২ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:৪০
পাকিস্তানের ইসলামাবাদে আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার ‘সম্ভাবনা আছে’ বলে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে।
এ ব্যাপারে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি জবাব দেন, ‘সম্ভাবনা আছে’। খবর বিবিসি’র।
এদিকে, অনুমোদন ছাড়া হরমুজ প্রণালীতে প্রবেশ করায় মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এখন পর্যন্ত তিনটি কার্গো জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে দু’টি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার (২২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলসহ ইরানি গণমাধ্যমগুলো আইআরজিসি নৌবাহিনীর একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দু’টি জাহাজ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম জাহাজটি ইসরাইলি সরকারের মালিকানাধীন।
বিবৃতিতে বলা হয়, ‘জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল, বারবার নিয়ম লঙ্ঘন, নেভিগেশন সহায়ক ব্যবস্থায় হস্তক্ষেপ এবং গোপনে প্রণালীটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করছিল।’
ইউডি/এবি

