ফিটনেস নবায়ন : ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ পদ্ধতি চালু

ফিটনেস নবায়ন : ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ পদ্ধতি চালু

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:২৩

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ যানবাহনের ফিটনেস সনদ নবায়নে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু করেছে । এ পদ্ধতিতে ফিটনেস নবায়ন কার্যক্রম শুরু হবে আগামী ১৫ অক্টোবর থেকে । প্রাথমিকভাবে ঢাকার তিনটি মেট্রো সার্কেল, মিরপুর, ইকুরিয়া ও দিয়াবাড়ি থেকে এ সনদ নেওয়া যাবে। পরবর্তীতে সারাদেশের বিআরটিএর কার্যালয়ে এ পদ্ধতিতে ফিটনেস সনদ নবায়ন কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে বিআরটিএর।

এজন্য বিআরটিএর সার্ভিস পোর্টাল bsp.brta.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য গ্রাহকের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর দিতে হবে। নিবন্ধনের পর পোর্টালের ‘ফিটনেস এপয়েন্টমেন্ট সময়সূচি’ অপশনে ক্লিক করতে হবে। এখানে ‘মোটরযান সংযুক্ত করুন’ অপশনে গিয়ে যানবাহনের বিস্তারিত তথ্য দিতে হবে।

সময়সূচি অপশনে গিয়ে কাঙ্ক্ষিত তারিখ এবং কোন সার্কেল থেকে ফিটনেস নবায়ন করবেন, তা সিলেক্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য দৈনিক চারটি ধাপ ভাগ করা আছে। সকাল ৯টা থেকে ১১টা, ১১টা থেকে ১টা, দুপুর ২টা থেকে ৪টা এবং ৪টা থেকে ৫টা। এ সময় থেকে পছন্দমতো সময় নেওয়া যাবে।

সব তথ্য পূরণ করে সাবমিট করলে গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। যানবাহনের ফিটনেস নবায়নের তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। বিআরটিএতে যাওয়ার আগে আয়করসহ যানবাহনের অন্যান্য ফি পরিশোধ করে মানি রিসিট সংগ্রহ করতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টেমেন্টের জন্য কোনো টাকা লাগবে না। নির্ধারিত তারিখে না গেলে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হবে এবং নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বলে জানিয়েছে বিআরটিএ।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গতকাল শুক্রবার জানান, বর্তমানে যানবাহন নিয়ে বিআরটিএ অফিসে গিয়ে বসে থাকতে হয়, নতুন পদ্ধতিতে মানুষের ভোগান্তির অবসান ঘটবে।

“আমাদের ওয়েবসাইটে গিয়ে মোটরযান মালিকের সুবিধামতো সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আমরা চারটা স্লট করে দিয়েছি। ওই সময়ে আমাদের কর্মীরা ফিজিক্যালি দেখে কয়টা গাড়ির ফিটনেস দিতে পারবে তা ঠিক করে নেবেন। নির্ধারিত স্লটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে এমন যানবাহনের ফিটনেস সনদ নবায়নের কাজ করা হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো গাড়ি দেখা হবে না।”

এতে দালালের দৌরাত্ম্য কমবে বলেও মনে করেন বিআরটিএ চেয়ারম্যান। “আপনি আগে থেকেই সময় নিয়ে এসেছেন বিধায় ঠিক যখন আপনার গাড়ি দেখবে, তখন বিআরটিএতে উপস্থিত থাকলেই হবে। এতে সময় বাঁচবে। অনেকেই এখন লম্বা সিরিয়ালের কারণে পেছনে পড়ে যায়। দীর্ঘক্ষণ বসে থাকবে এই ভয়ে দালাল খোঁজে, চিন্তা করে হয়ত তাড়াতাড়ি কাজটি শেষ করতে পারবে। এসব সমস্যা দূর করার জন্যই এই পদ্ধতি চালু করেছি।”বিআরটিএর চেয়ারম্যান জানিয়েছেন, প্রাথমিকভাবে ঢাকায় এই পদ্ধতি চালু করা হলেও পরবর্তীতে সারাদেশেই হবে।

“ঢাকায় যানবাহন বেশি তাই সার্কেল অফিসগুলোয় চাপও বেশি। এ কারণে শুরুতে আমরা ঢাকায় এই সেবা দিচ্ছি। তবে আমরা সারা বাংলাদেশেই করব।” বিআরটিএর হিসাবে ২০২০ সালের অগাস্ট পর্যন্ত সারাদেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৪৫ লাখ ২৩ হাজার ৬০০টি। ঢাকার তিনটি সার্কেল থেকে নিবন্ধিত হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৯৪৯টি যানবাহন।

ঢাকার এসব যানের মধ্যে ৭ লাখ ৬২ হাজার ৫৯৪টি মোটরসাইকেল। মোটরসাইকেলের ফিটনেস নবায়ন করতে হয় না। বাকী ৮ লাখ ৩৬ হাজার ৩৫৫টি বিভিন্ন শ্রেণির যানের ফিটনেস নবায়ন করতে হয়। বর্তমানে প্রতি দুই বছরের অন্তর ফিটনেস সনদ নবায়নের নিয়ম করেছে বিআরটিএ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading