গাজীপুরে ‘লাথিতে’ প্রাণ গেল সবজি বিক্রেতার

গাজীপুরে ‘লাথিতে’ প্রাণ গেল সবজি বিক্রেতার

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৪৬

গাজীপুর নগরে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির মধ্যে লাথির আঘাতে প্রাণ গেল মো. আব্দুর রশিদ (৫০) নামে এক সবজি বিক্রেতার। এ ঘটনায় আজ শনিবার (৩ অক্টোব) সকালে কাশিমপুর থানায় মামলা করেছেন নিহতের ছেলে। তার আগে শুক্রবার রাতে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো. আব্দুর রশিদ ময়মনসিংহের তারাকান্দার নেতারাশি এলাকার ফজর আলীর ছেলে। কাশিমপুর থানার ওসি মাহবুব-এ-খোদা জানান, এ ঘটনায় করা মামলার আসামি সুমন মির্জা পলাতক রয়েছেন।

তিনি জানান, কাশিমপুর নয়াপাড়ায় এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে চা ও সবজি বিক্রি করতেন আব্দুর রশিদ। পাশাপাশি স্থানীয় মো. সুলতান মির্জার ছেলে সুমন মির্জার (২৮) এক টুকরা জমি ভাড়া নিয়ে সবজি চাষও করতেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে ওসি মাহবুব বলেন, সুমন পাওনা টাকা নিয়ে গত বুধবার রাত ৮টার দিকে রশিদকে গালাগালি করেন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। ঝগড়ার এক পর্যায়ে ‘সুমন আব্দুর রশিদের তলপেটে লাথি মারে।’ এতে আব্দুর রশিদ গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রশিদ। এরপর স্বজনরা নিহতের লাশ কাশিমপুর নয়াপাড়া এলাকার ভাড়া বাসায় নিয়ে যান।

গতকাল শুক্রবার রাতে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ওই বাসা থেকে রশিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে সুমন মির্জার বিরুদ্ধে শনিবার সকালে কাশিমপুর থানায় মামলা করেন বলেন ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading