করোনা: ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি’র মৃত্যু
জুলফিকার আলী | উত্তরদক্ষিণ
রাজবাড়ী: শনিবার, ০৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৩০
ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতি ও রাজবাড়ী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মিয়া শুক্রবার (০২ অক্টোবর) সকাল ৬টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রলিভার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুইছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়, স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সুনামের সাথে আইন পেশার মর্যাদা রক্ষা করেছেন বলে তার জুনিয়র এ্যাডভোকেট ও সমসাময়িক আইনজীবিরা মন্তব্য করেছেন।
মরহুমের গ্রামের বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মুসিদহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ঢাকায় বসবাস করলেও তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এলাকায় অবস্থান করেছেন। এলাকার মানুষ যেকোনো সমস্যায় পড়লে তার কাছে ছুটে গেছেন। অনেক গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খরচ যুগিয়েছেন।
তিনি প্রিয়ভাষী নামক একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার মৃত্যুতে রাজবাড়ী জেলাবাসী একজন মেধাবী আপনজনকে হারালো। ঢাকাস্থ রাজবাড়ী জেলা সমিতি ও ঢাকাস্থ পাংশা-কালুখালী সমিতি ও সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, ডিডিসি লি: এমডি প্রকৌশলী একেএম রফিক উদ্দিন, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, আকতার ফার্নিসার্স ও বাংলা টিভির চেয়ারম্যান কে.এম আকতারুজ্জামান, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবু, সাবেক অতি: সচিব মোতাহার হোসেন, সাবেক সচিব খন্দকার মোঃ আসাদুজ্জামান, অতি:ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, ঢাকাস্থ রাজবাড়ী জেলা সমিতির সাধারন সম্পাদক এন.এ.এম ইফতেখার রফিক, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মঞ্জুর কাদীরসহ কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ।

