রাজধানীর মোহাম্মদপুরে যুবককে গলা কেটে হত্যা
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:০২
রাজধানীর মোহাম্মদপুরে শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে শিরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) গণমাধ্যমকে বলেন, একতা হাউজিং এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। এরই মধ্যে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তদন্ত শুরু করেছে। সিআইডির কাজ শেষ হলে সুরতহাল প্রতিবেদন করা হবে। ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
নিহতের স্ত্রী জোসনা বেগম বলেন ‘এক কাজে গাজীপুর গিয়েছিলেন তিনি (শিরু মিয়া)। কাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর তিনি বাসায় কাপড়-চোপড় রেখে আবার বের হয়ে যান। পেছন পেছন আসলে আমাকে বাসায় চলে যেতে বলেন। শরীর খারাপ থাকায় আমি চলে আসি। পরে রাত ৯টার দিকে খবর পাই আমার স্বামীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। আমার জানামতে কারও সাথে তার কোনো শত্রুতা ছিল না।’
নিহতের ছেলে মো. মামুন বলেন, ‘আমার বাবা কাজ শেষে বাসায় ফেরেন। তিনি বাসায় যাওয়ার সময় তার সঙ্গে আমার শেষবার কথা হয়। এর কিছু সময় পরে একজন আমাকে ফোন দিয়ে জানান, আমার বাবাকে কারা যেন কুপিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে দেখি তার গলাকাটা অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তার সঙ্গে কারো শত্রুতা আছে বলে আমার জানা নেই।’

