কেএস নবীর দুই নাতির নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৩৮
সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতির সার্বিক নিরাপত্তা দিতে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ১১ অক্টোবর এ বিষয়ে পরবর্তী আদেশের দিন রেখে ওই দিন উভয় পক্ষকে (দুই শিশু ও তাদের চাচা কাজী কাজী রেহান নবী) লিখিত ব্যাখ্যাসহ আদালতে হাজির হতে বলা হয়েছে।
সেদিন দুই শিশুকে আদালতে হাজির করার দায়িত্ব দেওয়া হয়েছে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়াকে। দুই শিশুর বাসায় ফেরা নিয়ে গতকাল শনিবার মধ্যরাতে দেওয়া উচ্চ আদালতের আদেশের বাস্তবায়ন প্রতিবেদন দেখে বিচারপতি বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রবিবার (৪ অক্টোবর) এ আদেশ দেয়।
ভার্চুয়াল আদালতে ধানমণ্ডি থানার ওসির বাস্তবায়ন প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। আদেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “আগামী ১১ অক্টোবর উভয় পক্ষকে আদালতে আসতে বলা হয়েছে ঘটনার লিখিত ব্যাখ্যাসহ। সে পর্যন্ত নাবালকদ্বয়ের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হল।”
ওসি ইকরামকে উদ্দেশ্য করে বিচারক বলেন, “আপনি ১১ অক্টোবর পর্যন্ত জাস্ট এক-দুজন পুলিশ পাঠিয়ে খোঁজ নেবেন তারা ঠিক আছে কিনা, এটা শুধু মনিটরিং করেন। এই শিশুদের মনে একটা ভয়-ভীতি আছে, ফলে তারা নিরাপদ বোধ করবে না।
“আজকের আদেশটা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পাঠিয়ে দিব। আর ধানমণ্ডি থানাকে বলছি, যিনি বাচ্চাদের বের করে দিয়েছেন, ওই বাসায় গিয়ে তাকে বলবেন আদালত বলেছেন, কোনো ধরনের সিদ্ধান্ত বা পদক্ষেপ না নিতে। সবাই যেন বাসায় অবস্থান করেন। তাদের বাড়ির নিরাপত্তা তাদেরকেই নিশ্চয়তা দিতে হবে। পুলিশ মানুষের জীবন রক্ষা করতে পারে না। আমরা নিজেরা নিজেরা যদি সচেতন না হই তাহলে কিছু হবে না। সুতরাং ব্যারিস্টার কাজী রেহান নবীকে বলবেন বাচ্চাদের যাতে কিছু না হয়।”
“উভয় পক্ষই যেন সচেতন থাকে। নাবালক যে দুই শিশু আছে তাদের বলবেন, সংযত আচরণ করতে। সংযত আচরণ করে যেন তারা বাড়িতে অবস্থান করে। কোনো উচ্ছৃঙ্খলতা যাতে না দেখায়। নাবালক বলতে আমরা যেমনটা ভাবছি সেরকম নয়। নাবালকদেরও আমরা দেখছি অপরাধ করতে। সুতরাং পুলিশ দিয়ে আগামী তারিখ পর্যন্ত বাচ্চাদের নিরাপত্তা দিবেন। এই শিশু দুটিকে নিয়ে আপনি কোর্টে আসবেন। আইনজীবী যদি থাকে তিনিও আসবেন।”
টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান দেখে শনিবার মধ্যরাতে আদালত বসিয়ে আদেশ দিয়েছিল হাই কোর্টের এই বেঞ্চ। সেই আদেশের পর পরই সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতিকে বাসায় দিয়ে আসে পুলিশ।

