জানুয়ারির মধ্যে করোনার ভ্যাকসিন আনতে আশাবাদী গ্লোব বায়োটেক
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৩৪
খরগোশ ও ইদুরের শরীরে প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো সাফল্য পাওয়ার কথা জানিয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পথে থাকা দেশিয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বলছে, হিউম্যান ট্রায়ালের অনুমতি দ্রুত পাওয়া গেলে আগামী জানুয়ারির মধ্যে ‘বিএনকোভিড’ নামের ভ্যকসিনটি তারা বাজারে আনার ব্যাপারে আশাবাদী।
সোমবার (০৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশি এই ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি বলছে, তারা ভ্যাকসিনটি আবিষ্কারের প্রক্রিয়াতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে প্রয়োজনীয় বাকি প্রক্রিয়াটুকু সম্পন্ন করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
এ সময় গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘আমরা আশা করি সরকার আমাদের পাশে দাঁড়াবে এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সহায়তা দেবে।’
‘আমরা যদি সবাই সম্মিলিত প্রচেষ্টা করতে পারি, আমরা আশা করি, আমরা আগামী জানুয়ারির মধ্যেই দেশের জনগণকে আমাদের ভ্যাকসিন দেওয়া শুরু করতে সক্ষম হব, বলেন তিনি।
গ্লোব বায়োটেক চেয়ারম্যান জানান, প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলো থেকে বোঝা যায় যে তাদের ভ্যাকসিনটি বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ভ্যাকসিনগুলোর মতোই প্রতিশ্রুতিবদ্ধ।
‘আমরা যদি এখন ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে পারি, তবে আমরা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বজুড়ে এই ভ্যাকসিনটি রপ্তানি করতে পারি,’ বলেন তিনি। -ইউএনবি

