ডিএসইর আইটি অবকাঠামো উন্নয়নের তাগিদ বিএসইসি চেয়ারম্যানের
উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৫০
লেনদেনে বহুমাত্রিক জটিলতার কথা তুলে ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য প্রযুক্তি অবকাঠামো দ্রুত উন্নয়নের তাগিদ দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ডিএসইতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানান তিনি।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “আমি ঢাকা স্টক এক্সচেঞ্জকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের কাছে আমাদের যে আইটি ইন্সপেকশন রিপোর্টটা গেছে, সেটার উপর ভিত্তি করে আপনারা অবিলম্বে আপনাদের আইটির যে সামর্থ এবং সেবা দেওয়ার ক্ষমতা বাড়ান।
“আইটির কারণেই আজকে কিন্তু আমাদের মাঝে মাঝেই লেনদেনে সমস্যা হচ্ছে। আমাদের অনেক কিছু ঠিকভাবে করা যাচ্ছে না। ওয়েসবসাইট মাঝে মাঝে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে অনেক জায়গা থেকে ওএমএসএর সেবাগুলো পাওয়া যাচ্ছে না। আপনাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে এপিআইটা খুলে দেওয়ার কথা ছিল। সেটা এখনো খুলে দেওয়া হয়নি।”
এ সময় আগামী বছরের শেষ দিকের মধ্যে আইটি উন্নয়নের সব কাজ শেষ করতে হবে বলে বিএসইসি চেয়ারম্যান জানান।
শিবলী বলেন, ডিএসই এসএমই বোর্ডকেও অনলাইন লেনদেনের আওতায় আনতে হবে। সরকারের যতটি বিল বা বন্ড আছে সেগুলোকে অনলাইন ডিএসইর লেনদেনের আওতায় আনতে হবে। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

