গাইবান্ধায় বন্যায় ভেসে আসা সাপের কামড়ে যুবকের মৃত্যু
উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৪০
গাইবান্ধার পলাশবাড়ীতে বন্যার পানিতে ভেসে আসা বিষধর সাপের কামড়ে হাবিবুর রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত হাবিবুর রহমান পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।
শনিবার (১০ অক্টোবর) সকালে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, শুক্রবার (০৯ অক্টোবর) রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন হাবিবুর রহমান। গভীর রাতে বন্যার পানিতে ভেসে আসা একটি বিষধর সাপ ঘরে ঢুকে তাকে কামড় দেয়।
পরে তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সকালে সেখানে তার মৃত্যু হয়।

