জিএম কাদেরের অভিযোগ: শীতে করোনা মোকাবিলার প্রস্তুতি নেই

জিএম কাদেরের অভিযোগ: শীতে করোনা মোকাবিলার প্রস্তুতি নেই

উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট:১৮:১০

আসন্ন শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। রবিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংগঠনটির ফেনী জেলা কমিটির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বিশেষজ্ঞদের ধারণা, আসন্ন শীত মৌসুমে করোনার প্রকোপ বাড়তে পারে। সেই ভয়াবহ পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে, তা কেউ জানে না। শীতে করোনা পরিস্থিতি ভয়াবহ হলে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, কেমন প্রস্তুতি আছে, তা দেশবাসী জানতে চায়। কারণ, শীতে করোনা মোকাবিলায় সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেই।’

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় হাততালি পাওয়ার মতো কোনো সাফল্য নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বর্তমানে করোনা পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তি বিরাজ করছে। দেশের মানুষ জানে না, করোনার সংক্রমণ বাড়ছে, নাকি কমছে।’

‘করোনা রোগীর জটিলতা বাড়লে যে চিকিৎসা প্রয়োজন তা সরকারি হাসপাতালগুলোতে নেই। প্রত্যন্ত অঞ্চল বা জেলা পর্যায়ে করোনার চিকিৎসা নেই বললেই চলে। দেশের কিছু বেসরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে, কিন্তু তা খুবই ব্যয়বহুল। সাধারণ মানুষের এসব হাসপাতালে চিকিৎসা নেওয়ার সামর্থ‌্য নেই,’ বললেন জিএম কাদের।

ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সুনীল শুভরায়, রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, যুগ্ম দপ্তর মাহমুদ আলম, ফেনী জেলা জাতীয় পার্টি নেতা ইকবাল আলমগীর, ভিপি জহির উদ্দিন মজুমদার ও রেজাউল গনি পলাশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading