ভাষাসৈনিক ডা. মির্জা মাজহারের মৃত্যু

ভাষাসৈনিক ডা. মির্জা মাজহারের মৃত্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ২০:১০

ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী জানান, রবিবার (১১ অক্টোবর) সকালে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ডা. মির্জা মাজহারের মৃত্যু হয়।

তিনি বলেন, “কোভিড-১৯ সংক্রমণ ছাড়াও বার্ধক্যজনিত অন্যান্য রোগে ভুগছিলেন তিনি। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে তিনি গত ৩০ সেপ্টেম্বর হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ১ অক্টোবর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।” ৯৩ বছর বয়সী অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম বারডেম জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন।

ভাষা আন্দোলনে ভূমিকার জন্য ২০১৮ সালে একুশে পদক পান প্রখ্যা্ত এই শল্যচিকিৎসক।

অধ্যাপক ডা. মির্জা মাজহার ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসাবে ১৯৫২ সালে এমবিবিএস পাস করেন। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৬০ বছরের কর্মজীবনে দেশের বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন তিনি। তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাজিতপুরের জহুরুল হক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা উপদেষ্টা।

১৯৯৩ সাল থেকে বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের মুখ্য উপদেষ্টা ছাড়াও দুই মেয়াদে বারডেমের মহাপরিচালক ছিলেন মির্জা মাজহার। বাংলাদেশ কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ডা. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading