আবারও করোনার প্রাদুর্ভাব: ৯০ লাখ নমুনা পরীক্ষায় যাচ্ছে চীন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৫৯
নতুন করে নয়জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় চীনের পূর্বাঞ্চলীয় শহর কিংদাও’র ৯০ লাখ বাসিন্দার সবাইকে এ সপ্তাহে স্বাস্থ্য কর্তৃপক্ষ পরীক্ষা করবে বলে সোমবার দেশটির সরকার ঘোষণা দিয়েছে। খবর এপি’র।
চীনের মধ্যে ভাইরাসের সংক্রমণ না থাকা নিয়ে দুই মাস ধরে যে তথ্য দেয়া হচ্ছিল তাতে বিঘ্ন ঘটাল নতুন এ ঘোষণা।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ভ্রমণ ও ব্যবসা সংক্রান্ত বেশির ভাগ বিধিনিষেধ তুলে নিয়েছে। তবে এখনও সংক্রমণের লক্ষণ শনাক্তের জন্য ভ্রমণকারী ও পাবলিক ভবনে যাতায়াতকারীদের পর্যবেক্ষণ করা হচ্ছে।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, কিংদাও’র পৌর বক্ষ হাসপাতালের আট রোগী এবং এক স্বজনের সংক্রমণের উৎস সন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ।
‘পুরো শহরকে পাঁচ দিনের মধ্যে পরীক্ষা করা হবে’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় জাতীয় স্বাস্থ্য কমিশন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এ মহামারি শুরু হয়। সেখানে ৪,৬৩৪ জনের মৃত্যু এবং ৮৫,৫৭৮ ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
বিদেশ থেকে চীনে যাওয়া ব্যক্তিদের এখনও বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

