চীনে টাইফুন নউলের আঘাত, সরানো হলো ৭ লাখ মানুষ
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৩৫
চীনের দক্ষিণাঞ্চল ও হংকংয়ে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ‘নউল’। এর প্রভাবে অঞ্চলটিতে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে চীনের গুয়াংডং প্রদেশ থেকে ইতোমধ্যেই কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
রবিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, রবিবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দক্ষিণ গুয়াংডং প্রদেশের হুইঝু শহরের হুইডং কাউন্টির উপকূলে টাইফুন নউল আছড়ে পড়ে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত চীনে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ‘নউল’-ই সবচেয়ে শক্তিশালী।
হংকং পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রস্থলে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার (ঘণ্টায় ৬৮ মাইল) গতিবেগের বাতাস নিয়ে টাইফুন নউল রবিবার গুয়াংডংয়ের ভেতরের দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তবে এর প্রভাবে ওই অঞ্চলের বিভিন্ন স্থানে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
চীন জাতীয় রেডিওর তথ্য অনুযায়ী, রবিবার ভোরের মধ্যেই গুয়াংডং প্রদেশে ৭ লাখ ১৫ হাজারের বেশি মানুষকে নিরাপত্তার স্বার্থে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শনিবার কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রায় ৩ লাখ ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এই সপ্তাহান্তে দক্ষিণ গুয়াংডং এবং দক্ষিণ-পূর্ব ফুজিয়ান প্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকা হুইলাই কাউন্টিতে অনেক গাছপালা উপড়ে যেতে দেখা গেছে।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সেখানে প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হংকং কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, টাইফুনের সময় শহরজুড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে (১১ জুলাই) আঘাত হানা টাইফুন ‘বাভি’র কারণেও পূর্ব চীনে প্রবল বাতাস ও বৃষ্টিপাত হয়েছিল, যার ফলে ২০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল। তার আগে গত ৩ জুলাই দক্ষিণ চীনে আঘাত হানে ‘মাইসাক’ নামের আরেকটি টাইফুন।
ইউডি/কেএস

