শক্তিশালী বোধ করছি: নির্বাচনী সমাবেশে ট্রাম্পের মন্তব্য
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৩৮
করোনামুক্ত হয়ে শক্তিশালী বোধ করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১২ অক্টোবর) ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। খবর রয়টার্স-এর।
করোনা আক্রান্ত হওয়ার পর এই প্রথম কোনও নির্বাচনী সমাবেশে যোগ দিলেন ট্রাম্প। এদিনই হোয়াইট হাউসের চিকিৎসক সিন কোনলি জানান, প্রেসিডেন্টের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ। ফলে এখন তিনি আর অন্য কারও জন্য সংক্রামক নন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সপ্তাহে ছয়টি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এর অংশ হিসেবেই সোমবার ফ্লোরিডার স্যানফোর্ডে আয়োজিত এ সমাবেশে অংশ নেন তিনি। তবে এ সময় তাকে মাস্ক পরতে দেখা যায়নি।
সমাবেশে ট্রাম্পের বেশিরভাগ সমর্থকদের মুখেও মাস্ক ছিল না। আর ঘণ্টাব্যাপী নিজের বক্তব্যে বারবারই করোনা থেকে সুস্থ হওয়ার কথা বলছিলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, করোনা আক্রান্ত হলেও এখন আমার ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। বেশ শক্তিশালী বোধ করছি।

