জিডিপি প্রবৃদ্ধিতে ইন্ডিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৪৫
২০২১ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অল্প ব্যবধানে বাংলাদেশ ইন্ডিয়াকে ছাড়িয়ে যাবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে।
আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের (ডব্লিউইও) তথ্য অনুযায়ী, ডলারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২০ সালে এক হাজার ৮৮৮ ডলার হয়ে ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। খবর ইন্ডিয়ান গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর।
অন্যদিকে ইন্ডিয়ার মাথাপিছু জিডিপি ১০ দশমিক ৫ শতাংশ কমে এক হাজার ৮৭৭ ডলার হবে বলে মনে করা হচ্ছে যা গত চার বছরে মধ্যে সর্বনিম্ন।

উভয় দেশের জিডিপির পরিসংখ্যান বর্তমান সমান। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান এবং নেপালের মাথাপিছু জিডিপির তুলনায় এগিয়ে থাকবে ইন্ডিয়া। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ইন্ডিয়ার চেয়ে এগিয়ে থাকবে।
ডব্লিউইও প্রতিবেদন অনুযায়ী- শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ায় করোনা মহামারিতে ইন্ডিয়ার অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, দেশটির মাথাপিছু জিডিপি বর্তমান পঞ্জিকা বছরে ৪ শতাংশ সঙ্কুচিত হবে বলে মনে করা হচ্ছে।

