চালু হলো ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:৩২
পঞ্চগড়-রাজশাহী রুটে আন্তঃনগর ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন চলাচল উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এই ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়। এসময় মন্ত্রী বলেন, ভবিষ্যতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা দিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল ও ভুটানের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।
“বাংলাবান্ধা দিয়ে বর্তমানে এসব দেশের সাথে বাণিজ্য চালু আছে তেমনি ভবিষ্যতে চতুর্দেশীয় রেল যোগাযোগ স্থাপিত হবে। এজন্য ইন্ডিয়ার শিলিগুড়ি পর্যন্ত ট্রেন সার্ভিস চালুর প্রক্রিয়া চলছে।”
মন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ইন্ডিয়া-বাংলাদেশের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ী রুটে ট্রেন চলাচল দুদেশের প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা রয়েছে। ১৯৬৫ সালে পাক-ইন্ডিয়া যুদ্ধের সময় এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি চালু করা হলো। পর্যায়ক্রমে জেলায় জেলায় রেললাইন যাবে। এজন্য সরকার ও রেল মন্ত্রণালয় কাজ করছে। বন্ধ হয়ে যাওয়া রেল লাইন পুনঃস্থাপন করা হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মাদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মোশারফ হোসেন জানান, ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ পঞ্চগড় থেকে রাজশাহী ছেড়ে যাবে সকাল সাড়ে ৮টায় ও পৌঁছবে বিকাল সাড়ে ৫টায়। রাজশাহী থেকে রাত ৯টা ১৫ মিনিটে ছেড়ে পঞ্চগড় পৌঁছবে ভোর ৫টা ১০ মিনিটে। রাজশাহী থেকে শুক্রবার এবং পঞ্চগড় থেকে শনিবার ট্রেনটির সাপ্তাহিক চলাচল বন্ধ থাকবে। তিনি আরও জানান, ট্রেনটি যাওয়া আসার পথে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, নাটোরসহ ২১টি স্টেশনে যাত্রা বিরতি করবে।

