যশোরে ২ যুবককে গলা কেটে হত্যা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:২২
যশোরের মনিরামপুরে দুই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন সদর উপজেলার বসুন্দিয়া জয়ন্তা গ্রামের আক্তার গাজীর ছেলে বাদল গাজী (২৪) ও নিকমল মোল্যার ছেলে আহাদ মোল্যা (২২)।
স্থানীয় বাসিন্দা নাসির বিশ্বাস বলেন, ‘সন্ধ্যার কিছু সময় পরে আমি বাড়ির উঠানে বসে ছিলাম। তখন রক্তাক্ত একজন (আহাদ) দৌঁড়ে এসে বলে, চাচা আমারে বাঁচান। এ বলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে নিয়ে ভ্যানে করে হাসপাতালে রওনা হয়। পথে সদর উপজেলার চাউলিয়া গেটে ছেলেটির মৃত্যু হয়। পরে লোকজন এগিয়ে গিয়ে দেখে, আরেকজনের (বাদল) লাশ রাস্তায় পড়ে আছে।’
নিহতদের স্বজনরা জানান, বাদল কয়েক দিন আগে নতুন মোটরসাইকেল কেনেন। ইন্টারনেট ব্যবসার পাশাপাশি তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাদল ও আহাদ বসুন্দিয়া জয়ন্তা বাজারে ক্যারামবোর্ড খেলছিলেন। তখন বাদলের মোবাইলে কল এলে তারা দুজন মোটরসাইকেলে চেপে বেরিয়ে পড়েন।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে তাদের ডেকে এনে খুন করে দুর্বৃত্তরা। কিন্তু ঘটনাটি আশপাশের লোকজন দ্রুত টের পেয়ে যাওয়ায় তারা মোটরসাইকেল রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ বিশ্বাস বলেন, ‘লাশ দুটি ও মোটরসাইকেল উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি।’

