বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটির কাছাকাছি
উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৩০
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটির কাছাকাছি পৌঁছে গেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৫৩৫ জন এবং ভাইরাসের সংক্রমণ থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন ২ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৯২১ ব্যক্তি।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত ৮১ লাখ ছাড়িয়ে গেলে এবং ২ লাখ ১৯ হাজার ৬৭২ জন মৃত্যুবরণ করেছেন।
ইন্ডিয়ায় মোট আক্রান্ত প্রায় ৭৫ লাখ এবং মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৩১ রোগী। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫২ লাখের অধিক এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৭৫ জনের।
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে রবিবার (১৮ অক্টোবর) পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আরও ১ হাজার ৬৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮.২৩ শতাংশ।

