কোভিড-১৯: ইতালিতে নতুন করে বিধিনিষেধ

কোভিড-১৯: ইতালিতে নতুন করে বিধিনিষেধ

উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৫২

ফের করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় একগুচ্ছ নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইতালি। রবিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাস্ক পরা ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেছেন, ‘লকডাউন এড়াতে’ এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার। খবর রয়টার্স

স্থানীয় মেয়রদের রাত ৯টা থেকে জনসমাগম স্থলগুলো বন্ধ করে দেওয়ার ক্ষমতা দিয়েছেন তিনি। রেস্তোরাঁগুলোর খোলা রাখার সময়ের ওপর এবং দলগতভাবে জমায়েতের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন।

বেটিংয়ের দোকানগুলো রাত ৯টা থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছেন, পাশাপাশি অপেশাদার ক্রীড়া প্রতিযোগিতা এবং স্থানীয় মেলাগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

চলতি সপ্তাহে ফের সুরক্ষা পদ্ধতিগুলো পর্যালোচনার পর জিম ও সুইমিং পুলগুলো বন্ধ করা হবে কিনা সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি। রবিবার ইতালিতে দৈনিক সংক্রমণ বৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে। এদিন ১১ হাজার ৭০৫ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন শনিবার ১০ হাজার ৯২৫ জন রোগী শনাক্ত হয়েছিল।

রবিবার (১৯ অক্টোবর) ৬৯ জনের মৃত্যু হয়েছে, আগেরদিন মৃত্যু হয়েছিল ৪৭ জনের। পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন কন্তে, কিন্তু তার সরকার লকডাউনের পুনরাবৃত্তি এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে বলে জানিয়েছেন।

“পরিস্থিতি সঙ্কটজনক। সরকারতো আছেই কিন্তু প্রত্যেককে অবশ্যই তাদের দায়িত্বটুকু পালন করতে হবে,” বলেছেন তিনি। ইতালি ইউরোপের প্রথম দেশ যা কোভিড-১৯ মহামারীতে পর্যদুস্ত হয়েছিল। এই অঞ্চলে ফেব্রুয়ারিতে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যের পর ইতালিতেই সবচেয়ে বেশি, ৩৬ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে।

ইতালির সরকার দেশজুড়ে দুই মাসব্যাপী কঠোর লকডাউন জারি করে গ্রীষ্মের মধ্যে মহামারী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল, কিন্তু প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এখন কর্তৃপক্ষ লকডাউন এড়াতে চাইছে। সেই লক্ষেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, রেস্তোরাঁ ও জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading