এনু-রূপনের জামিন দেয়নি হাইকোর্ট

এনু-রূপনের জামিন দেয়নি হাইকোর্ট

উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:০৩

গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রূপন ভূঁইয়াকে জামিন দেয়নি হাইকোর্ট। এ দুই ভাইয়ের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার (২১ অক্টোবর) এ রায় দেয়। কেন তাদের জামিন দেওয়া হবে না, মঙ্গলবার (২০ অক্টোবর) সে প্রশ্নে চূড়ান্ত শুনানি শেষ হলে আজ বুধবার রায়ের জন্য রাখা ছিল।

আদালত দুদকের পক্ষে রুল শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক। আর আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানিক পরে বলেন, “রুলটি খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছে, তাদের কাছে প্রচুর অবৈধ অর্থ থাকার তথ্য আছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন বিবেচনা করা যাবে না।”

গত বছর ২৪ সেপ্টেম্বর দুই ভাই এনু-রূপনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে সিন্দুক ভর্তি টাকা ও গহনা জব্দ করার পর ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম এবং এনুর বন্ধু হারুন অর রশিদের বাসায় অভিযান চালানো হয়। সব মিলিয়ে ওই অভিযানে ৫ কোটি ৫ লাখ টাকা, ৮ কেজি স্বর্ণালঙ্কার এবং ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র‌্যাব।

এরপর দুদক তাদের সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান শেষে গত বছর ২৩ অক্টোবর ৩৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়।

এর মধ্যে এনামুল হক এনুর বিরুদ্ধে করা মামলার বাদী সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। সেই এজাহারে বলা হয়, এনু ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

আর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে রূপন ভূঁইয়ার বিরুদ্ধে যে মামলা করেছেন, তাতে ‘অসৎ ও অবৈধ পন্থায় নামে-বেনামে’ ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে।

গত ১৫ জুন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ এ দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর করলে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে হাই কোর্ট গত ১৫ সেপ্টেম্বর তাদের জামিন প্রশ্নে রুল জারি করে। তার নিষ্পত্তি করে আজ বুধবার হাইকোর্ট যে রায় দিল, তাতে দুই ভাইয়ের মুক্তির আশা আপাতত আর থাকল না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading