দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:২৬
বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে টানা চারদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ছুটির ফাঁদে পড়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল শুল্কভবন ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, ওপারে দুর্গাপূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের জানিয়েছেন।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল থেকে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। “এ সময় বন্দর ব্যবহারকারীরা ছুটিতে থাকায় বন্দরের সব কাজ বন্ধ থাকবে।”
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, পেট্রাপোল বন্দর দিয়ে দুর্গাপূজা ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে টানা চারদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি ওপারের সিঅ্যান্ডএফ এজেন্ট আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বেনাপোল বন্দর দূর্গাপূজার জন্য বন্ধ থাকবে সোমবার। মঙ্গলবার আবারো স্বাভাবিক কাজকর্ম চলবে। পূজার ছুটির কারণে উভয় বন্দরে পণ্যজট ও অনেক শিল্পপ্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

