করোনাভাইরাসে স্পেনে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

করোনাভাইরাসে স্পেনে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:২৫

পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেনে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বুধবার (২১ অক্টোবর) দেশটি ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৭৩ জন রোগী শনাক্তের ও ১৫৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

৩১ জানুয়ারি দেশটিতে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন স্পেনে মোট রোগীর সংখ্যা ১০ লাখ ৫ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির

যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া ও আর্জেন্টিনার পর কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়ানো ষষ্ঠ দেশ হল স্পেন। গত কয়েক মাস ধরে ইউরোপে নতুন করে করোনভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ রুখতে আর হাসপাতালগুলো যেন রোগীতে উপচে না পড়ে তা নিশ্চিত করতে, অঞ্চলটির সরকারগুলো নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে।

মহামারী শুরু হওয়ার প্রথম মাসেই স্পেনে করোনাভাইরাসের প্রকোপ তীব্র হয়ে ওঠে। সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞাসহ বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি।

আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পর ইউরোপের অধিকাংশ দেশের মতো স্পেনও বিধিনিষেধ শিথিল করে। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে উজ্জীবিত করে তুলতে পর্যটকদের ফেরানো দরকার বলে জোর দিতে থাকেন দেশটির রাজনীতিকরা।

কিন্তু অগাস্টের শেষ দিকে দৈনিক নতুন রোগীর সংখ্যা ১০ হাজার জনের মতো করে বাড়তে শুরু করে। গত দুই সপ্তাহেই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। পাশপাশি মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে, গতকাল মঙ্গলবার একদিনেই ২১৮ জন রোগীর মৃত্যু হয়েছে দেশটিতে এ পর্যন্ত ৩৪ হাজার ৩৬৬ জন কোভিড-১৯ জনিত মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে দেশটির আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক মতভেদ দেখা দিয়েছে। বুধবার কট্টরপন্থি ভক্স পার্টি পার্লামেন্টে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে, কিন্তু ব্যর্থ হয়। মহামারী মোকাবেলায় কীভাবে এগিয়ে যাওয়া হবে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্থানীয় নেতাদের বিরোধ দেখা দিয়েছে।

রাজধানী মাদ্রিদে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। পরবর্তী পদক্ষেপ কী হবে তা নির্ধারণে বৃহস্পতিবার (২২ অক্টোবর) আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক বসবেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading