রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত
উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:০২
রাস্তা পারাপারের সময় দ্রুতগামী যানবাহনের ধাক্কায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ায় জয়নাল আবেদীন (৬৫) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জয়নালের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার টাটেরা গ্রামে। তার বাবার নাম সোনা মিয়া। বর্তমানে শনির আখড়া মাজার গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার দুই ছেলে রয়েছে।
নিহতের ছেলে মো. মাহেদুজ্জামান (নিয়ন) জানান, বাবা ওষুধের পাইকারি ব্যবসায়ী। তিনি বিভিন্ন দোকানে ওষুধ ডেলিভারি দেন। শুক্রবার ওষুধ ডেলিভারি দিয়ে বাসায় ফেরার পথে শনির আখড়ায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

