অবৈধ সম্পদ: বেবিচকের নির্বাহী প্রকৌশলীর ১০ বছরের কারাদণ্ড
উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:৪০
প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নির্বাহী প্রকৌশলীকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার (২৫ অক্টোবর) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে ২০০৪ সালের দুদক আইনের ২৭(১) ধারায় ৮ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তিন কাঠা জমির ওপর তার মালিকানাধীন ভবনসহ সব স্থাপনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। জামিনে থাকা আসির রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজার পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
আসির উদ্দিনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ মে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মাহফুজা খাতুন। ২০১৮ সালে মামলাটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সংস্থাটির আরেক উপ-পরিচালক মো. মনজুর আলম।

