ট্রাম্প মহামারীর কাছে আত্মসমর্পণ করেছেন: বাইডেন

ট্রাম্প মহামারীর কাছে আত্মসমর্পণ করেছেন: বাইডেন

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৩০

আমেরিকায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন। আর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া সত্ত্বেও তিনি কোয়ারেন্টিনে না গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। খবর রয়টার্স

এসব ঘটনার প্রতিক্রিয়া আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন রবিবার (২৫ অক্টোবর) বলেছেন, ট্রাম্প মহামারীর কাছে আত্মসমর্পণ করেছেন।

শনিবার পরীক্ষায় পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্টের করোনাভাইরাস পজিটিভ আসে। তারপরও শর্টের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ভাইস প্রেসিডেন্টের প্রচারণা চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে হোয়াইট হাউস ফেডারেল আইন অনুযায়ী পেন্সের ‘জরুরি কর্মী’ পদমর্যাদার কথা উল্লেখ করে তিনি প্রচারণা চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছে। স্বাভাবিক সময়ে এই পদমর্যাদা দমকল কর্মী বা পুলিশ কর্মকর্তা এবং সামনের সারিতে থাকা চিকিৎসা কর্মীদের জন্য সংরক্ষিত থাকে।

পরীক্ষায় পেন্সের আরও বেশ কয়েকজন শীর্ষ সহযোগীর কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন হোয়াইট হাউসে চিফ অব স্টাফ মার্ক মেডোউস। শনিবার রাতে ভাইস প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছিলেন, পরীক্ষায় পেন্স ও তার স্ত্রীর করোনাভাইরাস নেগেটিভ এসেছে।

গতকাল রবিবার পেন্স নর্থ ক্যারোলাইনার রাজ্যের কিনস্টনে নির্বাচনী জনসভায় বক্তৃতা দিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) তিনি মিনেসোটা রাজ্যের হিবিংয়ের জনসভায় যোগ দেবেন।

শুক্রবার আমেরিকায় প্রায় ৮৪ হাজার নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর শনিবার আরও ৭৯,৯০০ জনের পজিটিভ এসেছে। এই মহামারীতে দেশটিতে ২ লাখ ২৫ হাজার জনের মৃত্যু ও লাখ লাখ নাগরিক বেকার হওয়ায় এটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার প্রধান ইস্যুতে পরিণত হয়েছে।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রজেক্টের তথ্য অনুযায়ী, ৩ নভেম্বরের নির্বাচনের ৯ দিন আগেই রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫ কোটি ৯৪ লাখ ভোটার তাদের ভোট দিয়ে দিয়েছেন।

আমেরিকার বিভিন্ন অংশে নতুন করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও নিউ হ্যাম্পশায়ারের একটি বিমানবন্দরে আয়োজিত জনসভায় ট্রাম্প বলেছেন, “বিশ্বের আর কোনো দেশ আমাদের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।” উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা কাটিয়ে উঠছি, আমরা মোড় ঘুড়িয়ে দিচ্ছি, আমাদের টিকা আছে, আমাদের সব আছে। এমনকি টিকা ছাড়াই আমরা মোড় ঘুড়িয়ে দিচ্ছি।”

এই জনসভায়ও তার সমর্থকদের অনেকেরই মুখে মাস্ক ছিল না এবং তারা নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্বও বজায় রাখেননি বলে জানিয়েছে রয়টার্স। কোভিড-১৯ এর অনেকগুলো টিকা উৎপাদিত হওয়ার পথে থাকলেও সেগুলোর কোনোটিকেই আমেরিকায় ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি।

রবিবার সিএনএনের ‘স্টেট অব দ্যা ইউনিয়ন’ অনুষ্ঠানে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মেডোউস বলেছেন, “আমরা মহামারীকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছি না। আমরা টিকা, চিকিৎসা ও প্রশমণের অন্যান্য উপায়ের মাধ্যমে এর প্রভাব নিয়ন্ত্রণ করতে যাচ্ছি।”

তার প্রচারণা শিবিরের প্রকাশ করা এক বিবৃতিতে বাইডেন মেডোউসের এই বক্তব্যকে লুফে নিয়ে বলেছেন, “প্রশাসন এই মহামারী নিয়ন্ত্রণের চেষ্টাও ছেড়ে দিয়েছে বলে আজ (সোমবার) সকালে আশ্চর্যজনকভাবে স্বীকার করলেন মেডোউস, আমেরিকান জনগণকে সুরক্ষা দেওয়ার মূল দায়িত্বও তারা ছেড়ে দিয়েছে।

“মেডোউস ভুল করে একথা বলেননি। এই সঙ্কট শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলের বিষয়ে এটি একটি স্পষ্ট স্বীকারোক্তি: পরাজয়ের সাদা পতাকা নাড়িয়ে আশা করা হচ্ছে অগ্রাহ্য করার মাধ্যমে ভাইরাসটি সহজেই চলে যাবে। এটা হয় না, হবেও না।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading